|

সকাল পত্রের কথা

আমাদের শুরুর গল্প

সদ্য উচ্চমাধ্যমিক পাস করা একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠের আড্ডাই ছিল সকাল পত্রের আঁতুড়ঘর। সেই আড্ডা থেকেই সর্বসম্মত সিদ্ধান্তে জন্ম নেয় বিনায়ক সাহিত্য সংসদ নামের একটি সাহিত্য সংগঠন।

বন্ধুদের লেখালেখি নিয়ে কবি আলতাফ শেহাব (শেহাব উদ্দিন জুয়েল)-এর সম্পাদনায় এবং হাবিবুর রহমানের প্রকাশনায়, গোমতি মেডিকেল হলের ঠিকানা ব্যবহার করে ২০০০ সালে প্রকাশিত হয় সকাল পত্রের প্রথম সংখ্যা। একই বছর পরপর তিনটি সংখ্যা প্রকাশিত হয়। এতে যুক্ত হতে থাকেন নতুন নতুন কবি ও লেখক। প্রথম তিনটি সংখ্যায় কেবল কবিতাই প্রকাশিত হয়েছিল।

পত্রিকাটির মুদ্রণ ও অক্ষর বিন্যাসে সহযোগিতা করেন অগ্রজ এ কে এম ইকবাল। প্রথম ও তৃতীয় সংখ্যার প্রচ্ছদ নির্মাণ করেন বন্ধু জান্নাতুল জাকী। তৃতীয় সংখ্যাটি বিনামূল্যে মুদ্রণ করে দেন কবি সৈয়দ আহমাদ তারেকের পারিবারিক মুদ্রণ প্রতিষ্ঠান এসোসিয়েট প্রেস লিঃ।

চতুর্থ সংখ্যায় সম্পাদনার দায়িত্বে যুক্ত হন কবি আজহার ফরহাদ (শাখের আহমাদ)। নির্বাহী সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন কবি আলতাফ শেহাব। এ সময় শুরু হয় কলেজ রোডের দাদার দোকানের আড্ডাকে ঘিরে নতুন এক অধ্যায়।

চতুর্থ ও পঞ্চম সংখ্যা নতুন আঙ্গিকে, বর্ধিত কলেবরে কবিতা ও কথাসাহিত্যের সমন্বয়ে প্রকাশিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের বহু তরুণ কবি ও সাহিত্যিক তাঁদের লেখার মাধ্যমে সকাল পত্রের সঙ্গে যুক্ত হন। তাঁদের অনেকেই আজ নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত ও প্রতিষ্ঠিত।

চতুর্থ সংখ্যা থেকে সকাল পত্র ঢাকার আজিজ মার্কেটসহ দেশের বিভিন্ন স্বনামধন্য বইয়ের দোকানে পাওয়া যেতে থাকে।

পঞ্চম সংখ্যা প্রকাশের পর কবি আজহার ফরহাদ ব্যক্তিগত ব্যস্ততার কারণে সম্পাদনায় সময় দিতে অপারগতা প্রকাশ করেন। তবে সকাল পত্রের প্রকাশনা থেমে থাকেনি। কবি আলতাফ শেহাবের সম্পাদনায় এর পরবর্তী সংখ্যাগুলো প্রকাশিত হয়। আগরতলা ও কলকাতার কবি-সাহিত্যিকদের লেখায় সমৃদ্ধ হয়ে ওঠে পত্রিকাটি। ২০০৪ সালে প্রকাশিত হয় সকাল পত্রের সর্বশেষ মুদ্রিত সংখ্যা।

নবজন্মের গল্প

দীর্ঘ বিরতির পর সম্পাদক আলতাফ শেহাবের একক প্রচেষ্টায় ২০২৪ সাল থেকে নতুনভাবে যাত্রা শুরু করে সকাল পত্রের অনলাইন সংস্করণ।

এই নতুন যাত্রায় পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে পূর্ববর্তী মুদ্রিত সংখ্যাগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাসমূহ। পাশাপাশি পূর্বে প্রকাশিত সব মুদ্রিত সংখ্যার পিডিএফ সংস্করণ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা পাঠকদের জন্য একটি সমৃদ্ধ সাহিত্য-আর্কাইভ হিসেবে কাজ করবে।

পুরোনো লেখার পুনঃপ্রকাশের পাশাপাশি নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে নতুন কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ ও অন্যান্য সাহিত্যকর্ম। নতুন ও প্রতিষ্ঠিত লেখকদের সৃজনশীল রচনার মাধ্যমে সকাল পত্র তার সাহিত্যযাত্রাকে আরও বিস্তৃত করতে চায়।

সম্পাদকের প্রত্যাশা, বছরজুড়ে অনলাইনে প্রকাশিত নির্বাচিত লেখাগুলোর সমন্বয়ে নিয়মিতভাবে একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করা হবে। অনলাইন ও মুদ্রিত—উভয় মাধ্যমে বাংলা সাহিত্যচর্চার এই ধারাকে এগিয়ে নেওয়াই সকাল পত্রের আগামীর প্রত্যয়।